বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বহাল, আযমী পাচ্ছেন এক কোটি টাকা প্রণোদনা
গত ১৭ বছর ধরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা এবং অবিচারের শিকার হওয়া ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর ও পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অপসারিত বা অবসরে পাঠানো এসব কর্মকর্তার বকেয়া বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুবিধা পুনর্বহালের আদেশ দিয়েছে।
এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ২০০৯ সালের ২৪ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও নতুন প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ২০১১ সালের ২৬ ডিসেম্বর মেজর জেনারেল এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি পাচ্ছেন। এছাড়া দীর্ঘদিনের এই অবিচার ও প্রতিহিংসার পরিসমাপ্তি ঘটিয়ে তাকে মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল পদের বকেয়া বেতন-ভাতা প্রদান করা হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে এক কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন ও বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন কর্মকর্তা এই সুবিধার আওতায় আসবেন। এছাড়া বয়স ও যোগ্যতা থাকলে আযমীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের সুযোগ পাবেন।

