ইরানে স্পিকার হাফিজের সঙ্গে গালিবাফের বৈঠক, ঢাকা সফরের আমন্ত্রণ
তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক আলোচনা হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ইরানি স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে গত বৃহস্পতিবার তেহরান পৌঁছান বাংলাদেশের স্পিকার। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সর্বোচ্চ নেতার নিঃসংশয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেন এবং ইরানের জনগণের প্রতি সংহতি ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে বহু শতাব্দীর ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্কের ওপরও গুরুত্বারোপ করেন।
আলোচনায় স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি সই হওয়া শান্তি চুক্তির ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই চুক্তি ইরান ও সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসবে। বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী উল্লেখ করে তিনি এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থনের কথা জানান। এছাড়া দুই দেশের মধ্যে সংসদীয় কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোরদারে ঢাকা সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

