ইতিহাস বিকৃত করা গেলেও মুছে ফেলা সম্ভব নয়: মন্ত্রী জাহিদ
ইতিহাস যতই বিকৃত বা আড়াল করা হোক না কেন, তা চিরকাল অম্লান থাকে এবং মুছে ফেলা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ পরিচালনা এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমানের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি উল্লেখ করেন, জিয়া ছিলেন মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি মজবুত করা, জাতীয় ঐক্য, কৃষি ও শিল্প খাতের প্রসার এবং প্রবাসী কর্মসংস্থানে তার অবদান অনস্বীকার্য।
এছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি। জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। একইসঙ্গে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।

