প্রাণহানি ঠেকাতে রাজধানীর খেলা দেখার স্থানে নজরদারি বাড়ালো পুলিশ

প্রাইম বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৬ ৬:৫১ পিএম
প্রাণহানি ঠেকাতে রাজধানীর খেলা দেখার স্থানে নজরদারি বাড়ালো পুলিশ

ফুটবল বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে দেখা দেয়া উত্তেজনা যাতে কোনো প্রাণহানির ঘটনায় রূপ না নেয়, সে কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা প্রদর্শনী স্থানগুলোতে বিশেষ নজরদারি জারি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সব থানাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আয়োজকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে পুলিশ।

আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সোমবার রাতে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে সংঘর্ষের জের ধরে বুধবার রাতে ওই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি তেঁজগাও বিভাগ। জিজ্ঞাসাবাদে রিপন হত্যার দায় স্বীকার করেছে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা নগরবাসীর উদ্দেশ্যে বলেন, খেলাধুলার আনন্দ যেন কোনো বিষাদে পরিণত না হয়। তিনি সবাইকে খেলায় হার-জিত মেনে নিয়ে প্রতিপক্ষের প্রতি সহনশীল থাকার অনুরোধ জানান যাতে উৎসবের নামে কোনো দুর্ঘটনা না ঘটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...