বৃক্ষরোপণ ও দুর্যোগ মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, গঠন হলো কমিটি

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৮:৫৭ পিএম
বৃক্ষরোপণ ও দুর্যোগ মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, গঠন হলো কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলার উপায় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) নগর ভবনে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করার প্রতি তার দৃঢ় অঙ্গীকারের কথা জানানো হয়।

সভায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি হাই-পাওয়ার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি করপোরেশনের ১০টি অঞ্চলের জন্য বিস্তারিত মহাপরিকল্পনা তৈরি করবে। আলোচনায় বলা হয়, ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় সড়ক দ্বীপে ইতোমধ্যে প্রায় ১৮ হাজার গাছ লাগানো হয়েছে এবং গত ১৬ জুন ৬০০টি চারা রোপণের মাধ্যমে চলতি বছরের কর্মসূচি শুরু করা হয়েছে।

অন্যদিকে, নগরীতে ভূমিকম্পের ঝুঁকি কমানোর বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়। এ লক্ষ্যে ডিএসসিসি, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে একটি কার্যকর সমন্বয় স্থাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...