তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি চীনের, ঐতিহাসিক সম্পর্কের নতুন মাইলফলক

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৮:২২ পিএম
তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি চীনের, ঐতিহাসিক সম্পর্কের নতুন মাইলফলক

তিস্তা নদী ব্যবস্থাপনা ও সংরক্ষণে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিতে সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি এসেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি জানান, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করতে চায় বেইজিং। এক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নতুন সরকারের অধীনে প্রধানমন্ত্রীর এই প্রথম চীন সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে গেছে। দুই দেশের মধ্যে আস্থার যে নতুন স্তর তৈরি হয়েছে, তা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করছে। এই সফরে অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন তিনি।

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) নিয়ে কথা বলতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, এর সাথে লাখ লাখ মানুষের জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। টেকসই মহাপরিকল্পনা তৈরির জন্য বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করছে চীন। পূর্বে চীনা কোম্পানির সাথে একমত হলেও এবার দুই সরকারের মধ্যেই এ নিয়ে সমঝোতা হয়েছে, যা প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...