দেশি প্রযুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সফটওয়্যার: উদ্ভাবক চুয়েটের শিক্ষার্থী
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ের সকল ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। তিনি আরও উল্লেখ করেন যে, মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার অল্প ব্যয়ে উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) চুয়েট ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের অংশ হিসেবে চুয়েটে ভর্তি হওয়া একটি বড় অর্জন। এই সাফল্যকে ধরে রাখতে হলে কঠোর অধ্যবসায় ও গবেষণামুখী মানসিকতা থাকতে হবে। তিনি বিশ্বের বিভিন্ন উন্নত দেশে চুয়েটের সাবেক শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে বলেন, গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানে তারা দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল পরিবর্তনের কথা তুলে ধরে তিনি জানান, ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে নাগরিকরা এখন ঘরে বসেই নামজারি ও খতিয়ানের কাজ করতে পারছেন। এছাড়া মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের কার্যক্রম মনিটরিংয়ের জন্য ‘ভূমি দৃষ্টি’ নামে একটি জিওফেন্সিং প্রযুক্তির অ্যাপ ব্যবহার করা হচ্ছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জীবনে নানা চ্যালেঞ্জ আসবে কিন্তু মাদকের আশ্রয় নেওয়া যাবে না, কারণ এটি মেধা ও ভবিষ্যত ধ্বংস করে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবল নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

