আফ্রিকা ও ইউরোপে বাজারে প্রবেশে মরক্কোর সহযোগিতা চায় বাংলাদেশ

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ১:৪৬ এএম
আফ্রিকা ও ইউরোপে বাজারে প্রবেশে মরক্কোর সহযোগিতা চায় বাংলাদেশ

বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের ক্ষেত্রে মরক্কোকে কৌশলগত অংশীদার হিসেবে দেখছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বহুমুখী কৌশলের ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা তার দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের সেতু হিসেবে উল্লেখ করে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। এছাড়া জাহাজ নির্মাণ, পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। মরক্কো বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগেও আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।

জনগণের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...