হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ঘর পুড়ে ছাই, ২০ লাখ লোকসান
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
গত বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোবারক আলী তালুকদারের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাদের পৌঁছানোর আগেই মামুন, রিয়াজ, মো. আমানউল্লাহ, মো. আসিফ, শহিদ ও নজরুলের দুটি সেমিপাকা ঘর, দুইটি কাঁচা ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেটসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দ্রুত পদক্ষেপের কারণে পাশের বেশ কয়েকটি বাড়িঘর রক্ষা করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার নির্দেশনায় প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

