সহজ মুনাফার লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ, সাইবার পুলিশের হাতে গ্রেফতার ৬
রাজধানীতে অনলাইন ভিত্তিক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)। বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) ও মো. শাকিল রানা (৩০)। তদন্তে জানা যায়, এই প্রতারক চক্রটি দেশের বিভিন্ন জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করত। এমনকি তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতি অবৈধভাবে ব্যবহার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা চালায়।
বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলা তদন্তকালে পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদের সন্ধান পায়। ডিএমপি কর্মকর্তা জানান, শর্ট করা ডোমেইন এবং হুবহু নকল পেজ ব্যবহার করে তারা সাধারণ মানুষকে প্রতারিত করত। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

