চসিক মেয়রের দায়িত্ব পালনের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন, বাজেট পুনর্বিবেচনার দাবি

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ১:০০ এএম
চসিক মেয়রের দায়িত্ব পালনের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন, বাজেট পুনর্বিবেচনার দাবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী প্রশ্ন তুলেছেন, বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন কোন আইনি ক্ষমতায় দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (৩০ জুন) এক প্রতিক্রিয়া সভায় তিনি বলেন, মেয়রের মেয়াদ গত ২২ ফেব্রুয়ারি শেষ হওয়ার পরও তিনি যেভাবে দায়িত্বে আছেন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন, তার সুস্পষ্ট আইনি ব্যাখ্যা সরকারকে দিতে হবে। একইসাথে তিনি ঘোষিত বাজেট পুনর্বিবেচনারও দাবি জানান।

হেলালী মনে করেন, নগর উন্নয়নের রূপরেখা ও নাগরিকদের প্রত্যাশা বাস্তবায়নের জন্য বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চসিকের ঘোষিত বাজেটে তেমন কোনো প্রতিফলন দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী বা নাগরিক সমাজের মতামত না নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এছাড়া ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে এবং এতে অনিয়মের সুযোগ থাকে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আধুনিক নগর ব্যবস্থাপনায় ডিজিটাল গভর্ন্যান্স ও নাগরিক সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এই মেয়র প্রার্থী বলেন, বর্তমান বাজেটে প্রশাসনিক সংস্কার বা নাগরিক অংশগ্রহণ বাড়ানোর কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। বাস্তব চাহিদা পূরণে বাজেট কার্যকর হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে তা প্রণয়ন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...