ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও সিলেবাসে খেলাধুলা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা চালু করা হবে। এছাড়া শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে পাঠ্যসূচির মধ্যে নানা ধরনের খেলাধুলাও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের সব কাজ তোমাদের জন্য। খেলাধুলা বা উদ্ভাবন—যেকোনো ক্ষেত্রেই তোমরা দক্ষতার স্বাক্ষর রাখবে। আমরা নাও থাকতে পারি, কিন্তু তোমরা বাংলাদেশকে এগিয়ে নিবে।
শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে খেলাধুলা, সংস্কৃতি এবং উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনকে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাহদী অক্সফোর্ডে পড়ার সময় থেকেই তারা এই পরিকল্পনা নিয়ে ভাবছিলেন। গত ১০ বছর ধরে শিক্ষার্থীদের লুকিয়ে থাকা দক্ষতা বের করে আনার পরিকল্পনা চলছিল।

