মোবাইলের সেবার মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট, দুর্বলতা কাটাতে ব্যবস্থা নেবে সরকার
নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট সমস্যা সমাধানে টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং গ্রাহকসেবার মান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি জানান, মোবাইল অপারেটরদের সেবার মান উন্নয়ন ও গ্রাহকস্বার্থ সুরক্ষায় কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে দেশব্যাপী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকাজুড়ে ড্রাইভ টেস্ট সম্পন্ন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান যাচাই করা হচ্ছে।
ফকির মাহবুব আনাম জানান, ঢাকা জেলাসহ দেশের অন্যান্য এলাকায়ও টেলিযোগাযোগ সেবার মান যাচাইয়ে এ ধরনের ড্রাইভ টেস্ট পরিচালনা করা হবে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্কের এলাকাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে। আধুনিক ও গ্রাহকবান্ধব মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

