কল ড্রপ ও স্লো নেটওয়ার্ক সমাধানে ২ হাজার কিমি ড্রাইভ টেস্ট, জানালেন মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ২:২৮ এএম
কল ড্রপ ও স্লো নেটওয়ার্ক সমাধানে ২ হাজার কিমি ড্রাইভ টেস্ট, জানালেন মন্ত্রী

মোবাইল নেটওয়ার্কের অনিয়ম, কলড্রপ এবং ধীরগতির ইন্টারনেট সেবা নিয়ে দীর্ঘদিনের গ্রাহক ভোগান্তি লাঘবে সরকার ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গত বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা জানান।

মন্ত্রী জানান, মোবাইল অপারেটরদের সেবার মান উন্নয়ন ও গ্রাহকস্বার্থ রক্ষায় ‘কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম’ সম্পর্কিত পদ্ধতিমালা জারি করা হয়েছে, যার হালনাগাদ কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় চলতি বছর দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা জুড়ে ‘ড্রাইভ টেস্ট’ পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার বাস্তব অবস্থা যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্কের এলাকাগুলো চিহ্নিত করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের সেসব এলাকায় অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে। ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায়ও এই সেবার মান যাচাইয়ে কোয়ালিটি অব সার্ভিস ড্রাইভ টেস্ট পরিচালনা করা হবে। ফকির মাহবুব আনাম জানান, গ্রাহকবান্ধব, আধুনিক এবং নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...