মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট ও নতুন নির্দেশিকা

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৭:৩০ পিএম
মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ড্রাইভ টেস্ট ও নতুন নির্দেশিকা

মোবাইল নেটওয়ার্কের ঘনঘন বিঘ্নতা, কল ড্রপ এবং ধীরগতির ইন্টারনেট সেবা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বুধবার জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। তিনি বলেন, পুরনো টেলিযোগাযোগ অবকাঠামো আধুনিকায়ন ও গ্রাহকসেবার মান বৃদ্ধিতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে।

গ্রাহকদের স্বার্থ রক্ষায় মোবাইল অপারেটরদের সেবার মান যাচাইয়ে কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেমের নির্দেশিকা জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে প্রাথমিকভাবে দেশব্যাপী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট সম্পন্ন করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ এবং সেবার গুণগত মান যাচাই করা সম্ভব হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও খুব দ্রুত এই ড্রাইভ টেস্ট পরিচালনা করা হবে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্কের এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের সেখানে প্রয়োজনীয় উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে। গ্রাহকবান্ধব ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...