শিল্পে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে: সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩৮ পিএম
শিল্পে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে: সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাত ঘিরে সরকারের ভাবনাকে বাস্তবে রূপ দিতে ব্যবসায়ী মহল ও গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পকারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের পরিস্থিতিতে ফিরে যাবে বলে আশাও প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে অস্থিরতা সৃষ্টি না করে মেয়াদের মধ্যে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিক্রিয়া ও পরামর্শও তুলে ধরেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শিরোনামে একটি উপস্থাপনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উপস্থাপনায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে ‘উত্তরাধিকার’ সূত্রে পাওয়া জটিলতা হিসেবে তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরাতে নির্দিষ্ট সময়সীমা ধরে সরকার কাজ করছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে তা কেবল ব্যবসা-বাণিজ্যই এগিয়ে নেবে না, দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...