ঢাকায় বাইরের অপরাধী ঠেকাতে প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অপরাধীরা যেন রাজধানীতে প্রবেশ করে অপকর্ম ঘটাতে না পারে, সে লক্ষ্যে ঢাকার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্লক চেকসহ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ ঘটার আগেই তাদের চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে। অপরাধ দমনে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে কাজে লাগাতে হবে।
অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি পরিচালনা করতে হবে, যেন কোনো এলাকায় নিরাপত্তার শূন্যতা বা ডিউটিতে ঘাটতি না দেখা দেয়। এছাড়া আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে তিনি জানান, প্রয়োজনের মুহূর্তে যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।
সভায় আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নানা ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার তালুকদার, মোহাম্মদ ওসমান গণি ও মোহাম্মদ শামসুল হকসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

