ওয়াশরুমে গত্তই ছেড়ে চলে গেল বাস, ৯৯৯-এ ফিরে পেলেন পাসপোর্ট-লাগেজ
সৌদি প্রবাস থেকে দেশে ফেরা এক যাত্রীকে রেখেই ছুটে যায় হানিফ পরিবহনের বাস। মুহূর্তে হতাশায় পড়ে যান তিনি, কারণ দুটি পাসপোর্ট, বিমানের টিকিট আর বিদেশ থেকে আনা মালামালে ভরা লাগেজ সবই পড়ে ছিল বাসের ভেতরে। শেষপর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করায় পুলিশ চলন্ত বাসটি আটকে তার জরুরি কাগজপত্র ও মালামাল উদ্ধার করে দেয়।
ঘটনাটি ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানার দশমাইল এলাকায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার বিমানবন্দরে অবতরণের পর মোজাম্মেল নামের ওই প্রবাসী আব্দুল্লাপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে উঠে বসেন ঠাকুরগাঁওয়ের উদ্দেশে। যাত্রাপথে দশমাইল এলাকায় নতুন যাত্রী তোলার জন্য বাস থামলে তিনি সুপারভাইজারকে খবর দিয়ে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে দেখেন, তার অপেক্ষা না করেই বাসটি চলে গেছে। তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ তখন বাসের ভেতরেই রয়ে গেছে।
করণীয় না পেয়ে মোজাম্মেল ডায়াল করেন ৯৯৯। ফোনটি ধরেন কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয় দিনাজপুরের বীরগঞ্জ থানাকে। উদ্ধার তৎপরতার সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে এসে চলন্ত বাসটি থামিয়ে দেয়। সেখান থেকে পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় আনা হয়। পরে থানায় উপস্থিত হয়ে মোজাম্মেল ফিরে পান তার সব জরুরি কাগজপত্র ও মালামাল।

