সার সংকট নিরসনে ডিজিটাল ব্যবস্থা ও সাব-ডিলার রাখার দাবি

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ১০:৪৬ এএম
সার সংকট নিরসনে ডিজিটাল ব্যবস্থা ও সাব-ডিলার রাখার দাবি

দেশব্যাপী সারের সংকট নিরসন ও কৃষকের স্বার্থ রক্ষায় ৮ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় কৃষক শক্তি। বুধবার (১২ আগস্ট) সংগঠনের আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই দাবিগুলো জানানো হয়। তারা সাম্প্রতিক সংশোধিত সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে সরকারের সংশোধিত নীতিমালায় একই পরিবারের একাধিক ডিলারশিপ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সাব-ডিলার ও খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। সংগঠনটির অভিমত, খুচরা বিক্রেতা থাকলে বাজারে সুস্থ প্রতিযোগিতা থাকে, এ ব্যবস্থা বাতিল হলে ডিলারদের একাধিপত্য বা সিন্ডিকেট গড়ে উঠতে পারে, যা কৃষকদের মহাজনের দাসে পরিণত করবে এবং কৃত্রিম সংকটের মাধ্যমে সারের দাম বাড়িয়ে দেবে। তাই ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব নিরসন করে যোগ্যতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়ার দাবি করেছেন তারা।

চলমান সার সংকট ও সরবরাহ ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, ফসলের চাহিদা অনুযায়ী প্রতি ওয়ার্ডে সার বরাদ্দ নিশ্চিত করতে হবে। কৃষকের জমির হিসাব ও চাহিদার তথ্য সম্বলিত ‘স্মার্ট কৃষি কার্ড’ এর মাধ্যমে সার বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রস্তাব দেন তারা। নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ডিলারদের মজুদ ও বিক্রির হিসাব তদারকি করা গেলে কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলে মনে করেন কৃষক নেতৃবৃন্দ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...