ডিজিটাল মাধ্যমে মানবপাচার রুখতে কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইনে ভুয়া প্রলোভন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলা আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে মানবপাচার নিয়ে নির্মিত তথ্যচিত্রভিত্তিক আলোকচিত্র গ্রন্থ ‘লিসেন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধীরা এখন মানুষকে সীমান্ত পার করে সাইবার স্ক্যাম এবং দাসত্বমূলক শ্রমে বাধ্য করছে। বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য ‘ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম’-এর প্রেক্ষাপটে তিনি জানান, এই নতুন বৈশ্বিক সংকট মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই ‘কাউন্টারিং সাইবার এনাবেল্ড হিউম্যান ট্রাফিকিং থ্রু টেকনোলজি’ শীর্ষক একটি বিশেষ সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করবে। এর মাধ্যমে প্রযুক্তির সহায়তায় ডিজিটাল পাচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানবপাচার মানুষের স্বাধীনতা ও মর্যাদার ওপর আঘাত হানে এবং সমাজের ভিত্তিকে দুর্বল করে। ‘লিসেন’ বইয়ে মানবপাচারের শিকার ব্যক্তিদের হৃদয়বিদারক অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়েছে, যা সমাজে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া এই অপরাধ দমন করা অসম্ভব বলেও মন্তব্য করেন। এসময় অনুষ্ঠানে আইওএম, কইকা এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

