মালেতে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: সম্পর্ক জোরদারে আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৩:৩৯ এএম
মালেতে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: সম্পর্ক জোরদারে আলোচনা

মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই রোববার অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন শিল্প, শিক্ষা, স্বাস্থ্যখাত, সুনীল অর্থনীতি এবং সমুদ্রপথে যোগাযোগ সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার পায়। দুই পক্ষ সরাসরি জাহাজ চলাচল চালুর মাধ্যমে বাণিজ্য ও যোগাযোগ সহজীকরণের পাশাপাশি সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের বিষয়েও মতবিনিময় করে। ড. খলিলুর রহমান এ সুযোগে সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা স্মরণ করিয়ে দেন এবং দুই দেশের জনগণের মধ্যে সরাসরি সম্পর্ক গভীর করার ওপর জোর দেন।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...