দক্ষ শ্রমশক্তি ও তরুণ প্রজন্মই দেশের উন্নয়নের চাবিকাঠি: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের আগামী প্রজন্ম অসাধারণ মেধাবী এবং সম্ভাবনায় পরিপূর্ণ। যথাযথ পথপ্রদর্শন পেলে এরা জাতিকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম। রোববার (২৬ জুলাই) রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন। ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্ত্রী জানান, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতিতে বিশ্বাসী। দক্ষ কর্মশক্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি অসম্ভব। চীন তাদের দক্ষ শ্রমিকদের কার্যকর ব্যবহারের মাধ্যমেই বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান গড়েছে। উন্নত বিশ্বে কর্মক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও, বাংলাদেশের কলকারখানাগুলোতে এ বিষয়ে এখনও কাঙ্ক্ষিত গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
শ্রম পরিদর্শকদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশ দেন, পরিদর্শনের সময় কেবল আনুষ্ঠানিকতা পালন নয়, বরং শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো গভীরভাবে বুঝতে হবে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। এই জনশক্তিই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ, যার সঠিক কাজে লাগানোর মাধ্যমেই সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট না করে সৃজনশীল কাজ ও জ্ঞানচর্চায় মনোযোগ দেওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

