সমুদ্রে লঘুচাপ: বন্দরে সতর্কসংকেত, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ায় আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানায়, এই লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব ধরনের নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের ওপর বায়ু প্রবাহ মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

