তুরাগে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে সাত মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা কবির

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৮:৪৩ পিএম
তুরাগে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে সাত মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা কবির

রাজধানীর তুরাগ থানা এলাকায় পারিবারিক কলহের জের ধরে সাত মাসের শিশু কন্যাকে আছড়ে মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় তুরাগের সিরাজ মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বাবা কবিরকে আটক করেছে পুলিশ।

নিহত শিশু রাফার মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী কবিরের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির তাদের একমাত্র সন্তান রাফার পা ধরে মাথার ওপর তুলে জোরে আছড়ে মারেন। এতে শিশুটি গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাফার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আটক হওয়া বাবা কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পেশায় রিকশাচালক কবির গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা এবং লিমা আক্তার নেত্রকোনার আটপাড়ার বাসিন্দা। এই দম্পতির রাফাই ছিল একমাত্র সন্তান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...