ত্রিলিয়ন ডলারের অর্থনীতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে জোর
সচিবালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ এশিয়াবিষয়ক ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশপের নেতৃত্বে ২৫টি মার্কিন প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান বাণিজ্যিক সম্পর্ক ও ভবিষ্ৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানোর উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত কীভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারে, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধিরা। ২০৩৪ সালের মধ্যে ত্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের লক্ষ্যে এই বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।
মার্কিন প্রতিনিধি দলের প্রধান অতুল কেশপ বলেন, তারা বাংলাদেশ সরকারের উন্নয়ন রূপরেখা ও ভবিষ্ৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা লাভ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে এই আলোচনার ফলে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

