প্রকৃত উপকারভোগী চিনতে সারাদেশে শুরু হচ্ছে পরিবার শুমারি
দেশের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে সারাদেশে একটি সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করে প্রকৃত উপকারভোগীদের তালিকা তৈরির কাজ শুরু হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এসব তথ্য জানান। তিনি জানান, বর্তমানে ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারের মধ্যে এই কার্ডের মাধ্যমে ভাতা বিতরণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে আধুনিক ডাটাবেজ তৈরি করা হবে এবং এই শুমারির ভিত্তিতেই চলতি বছরে ৪১ লাখ নতুন কার্ড বিতরণ করা হবে। প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের মাধ্যমে স্বচ্ছভাবে উপকারভোগী নির্বাচন করা হবে। এরই মধ্যে ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ২০৬’ জারি করা হয়েছে এবং বাস্তবায়ন নীতিমালার খসড়া চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
ঢাকা-১৮ আসনের বিশেষ অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, উত্তরা ও এর আশপাশের এলাকায় শুমারি সম্পন্ন হলে দ্রুত কার্ড বিতরণ করা হবে। শুমারি শেষে ওয়ার্ডভিত্তিক উপকারভোগীদের তালিকা সংশ্লিষ্ট সংসদ সদস্যের দপ্তরে পাঠানো হবে।

