তনু হত্যা মামলা: পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোল দুই অভিযুক্তের নামে পৃথক রেড নোটিশ জারি করেছে। পলাতক এই দুজন হলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলম।
বুধবার (২ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্তে উঠে আসা তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই দুজনকে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তের এক পর্যায়ে ডিএনএ নমুনার প্রয়োজনীয়তা দেখা দিলে তাদের নমুনা সংগ্রহের জন্য উদ্যোগ নেওয়া হলেও দুজনের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। দুজনেই দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
মামলার পটভূমি ঘেঁটে জানা যায়, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে একটি বাসায় পড়িয়ে দিতে গিয়েছিলেন তনু। কিন্তু তিনি আর ঘরে ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান ছিল, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন পরদিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ইন্টারপোলের রেড নোটিশ জারির ফলে পলাতক এই দুই অভিযুক্তকে আটকে ফেরত আনার আন্তর্জাতিক তৎপরতা আরও সক্রিয় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

