রক্তনালীর টিউমারে আক্রান্ত শিশু মারিয়ামের চিকিৎসায় পাশে তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪০ পিএম
রক্তনালীর টিউমারে আক্রান্ত শিশু মারিয়ামের চিকিৎসায় পাশে তারেক রহমান

চট্টগ্রামের হাটহাজারীর ৬ বছরের শিশুকন্যা জান্নাতুল মারিয়াম দীর্ঘদিন ধরে হেম্যানজিওমা নামের জটিল রোগে ভুগছে। শিশুটির চিকিৎসার সংকটে মরিয়া হয়ে পড়েছিল পরিবারটি। এমন মুহূর্তে মারিয়ামের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে শিশুটির অসুস্থতার কথা জানতে পারেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে মারিয়ামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসার জন্য আসা শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধিদল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিরা মারিয়ামের মায়ের সঙ্গে কথা বলেন এবং শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পরিবারের কাছে পৌঁছে দিয়ে তারা চিকিৎসার জন্য সহায়তাও প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।

হেম্যানজিওমা মূলত রক্তনালীর এক ধরনের টিউমার। এই রোগে আক্রান্ত হওয়ায় জান্নাতুল মারিয়ামের খাওয়া-দাওয়া ও ঘুমে নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। মেয়ের অবস্থা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন মা নাহিদ আখতার। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে স্বস্তি পেয়েছে মারিয়ামের পরিবার। কৃতজ্ঞতা প্রকাশ করে তারা শিশুটির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...