আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট হবে না, প্রতিমন্ত্রীর আশ্বাস
আগস্টে দেশজুড়ে দেখা দেওয়া বিদ্যুৎ সংকটের অভিজ্ঞতা চলতি সেপ্টেম্বরে যেন ঘুরেফিরে আর দেখা না দেয়, সেজন্য সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশ্বাস দিয়েছেন, নতুন নীতি ও পদক্ষেপের ফলে আগামী গ্রীষ্মে জনগণকে এমন ভোগান্তিতে পড়তে হবে না।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, গত ৯ আগস্ট দেশে বিদ্যুতের ঘাটতি দাঁড়িয়েছিল ৩ হাজার ৭০০ মেগাওয়াট, যা গত ৫৫ বছরে সর্বোচ্চ। এ বিষয়ে কোনো তথ্য গোপনের সুযোগ নেই বলেও জানান তিনি। জনগণের অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য আফসোস জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কারিগরি ত্রুটি নিরসন এবং নতুন পদক্ষেপের ফলে আগামী ১৫ দিনের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতিত উন্নতি দৃশ্যমান হবে।
জ্বালানি ঘাটতির বিষয়ে প্রতিমন্ত্রী ব্যাখ্যা করে জানান, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২ হাজার মেগাওয়াট হলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে দৈনিক প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস লাগে। অথচ দেশীয় উত্তোলন ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে এখন দৈনিক মাত্র ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাচ্ছে। সব গ্যাস বিদ্যুৎ উৎপাদনে দিলে শিল্প ও ঘরে ঘরে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাই অর্থনীতিকে চাঙা রাখতে শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালি- এই তিন খাতে বাধ্য হয়ে ভারসাম্য বজায় রাখা হচ্ছে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রীর মতে, সরকারের নতুন রুফটপ সোলার পলিসির পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী গ্রীষ্ম মৌসুমে দেশের মানুষ আর বিদ্যুৎ সংকটজনিত দুর্ভোগে পড়বে না।

