কোরিয়া ভিসা চাইছেন? ঢাকায় চালু হলো অত্যাধুনিক আবেদন কেন্দ্র
কোরিয়াগামী বাংলাদেশিদের জন্য এলো সুখবর। রাজধানী ঢাকায় চালু হয়েছে অত্যাধুনিক কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, যেখানে অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদনকারীরা সহজেই তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন। নতুন এই কেন্দ্রের মাধ্যমে দেশের কোরিয়ান ভিসা আবেদনকারীরা পাচ্ছেন উন্নত, সহজ ও কার্যকর সেবার নিশ্চয়তা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার যৌথভাবে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া দূতাবাসের আরও কয়েকজন বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে ইউমি তালওয়ার বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসুদের ভিসা আবেদনের অভিজ্ঞতা আরও উন্নত করার ক্ষেত্রে কেন্দ্রটি চালু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, প্রশস্ত, আধুনিক ও কেন্দ্রীয় অবস্থানে প্রতিষ্ঠিত এই কেন্দ্র আবেদনকারীদের জন্য আরামদায়ক ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরা আবেদনের প্রতিটি ধাপে আবেদনকারীদের সহায়তা করবেন।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে ভিএফএস গ্লোবাল ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে। বর্তমানে পাঁচটি দেশে সাতটি ডেডিকেটেড ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি কোরিয়ান ভিসা সংক্রান্ত সেবা পরিচালনা করে। নতুন এই কেন্দ্রের ফলে বাংলাদেশ থেকে কোরিয়ায় ভ্রমণেচ্ছুদের ভিসা আবেদনের অভিজ্ঞতা আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

