রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য থেকে

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৮:৩২ পিএম
রপ্তানি আয়ের ৯১ শতাংশই আসে প্রধান কয়েকটি পণ্য থেকে

জাতীয় সংসদে দাঁড়িয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৯১ শতাংশ এসেছে প্রধান কয়েকটি পণ্য খাত থেকে। এই সীমিত পণ্যের মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৬৭ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে রপ্তানি খাতের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিশ্বের ২০২টি দেশে বাংলাদেশের মোট ৮১২টি পণ্য রপ্তানি হয়েছে। বাংলাদেশি পণ্যের প্রধান ক্রেতাদের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স ও ভারত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ার অন্যতম অর্থনীতির দেশ নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা, জাপান, চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং রাশিয়াতেও বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হচ্ছে।

রপ্তানি আহরণের কৌশল নিয়ে মন্ত্রী বলেন, ওভেন পোশাক ও নিটওয়্যারের পর হোম টেক্সটাইল, হিমায়িত ও জীবন্ত মাছ, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া-চামড়াজাত পণ্য, পাদুকা এবং প্রকৌশল দ্রব্যাদি থেকে বৈদেশিক মুদ্রা আসছে। তবে মোট আয়ের এক বিশাল অংশ এখনো ঐতিহ্যবাহী এই কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীল থাকায় বৈচিত্র্যময় রপ্তানি খাত গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...