পোস্তগোলা ব্রিজে মিক্সার ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
রাজধানীর অদূরে কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজে এক মিক্সার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মীর আহাম্মেদ হোসেন (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আহাম্মেদ হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। দুর্ঘটনার সময় তিনি কেরানীগঞ্জ থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইকোরিয়া বিআরটিএ এলাকা দিয়ে পোস্তগোলা ব্রিজে উঠার সময় পেছন থেকে আসা একটি ঢালাইবাহী গাড়ি (মিক্সার) তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তবে নিহতের মেয়ে মোছা. তামান্না জাহান দাবি করেছেন, তার বাবার মরদেহে দুর্ঘটনাজনিত কোনো প্রচণ্ড আঘাতের চিহ্ন দেখা যায়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, এমন দুর্ঘটনার পর সাধারণত শরীরে প্রচুর আঘাত থাকে। কিন্তু বাবার ক্ষেত্রে তা নেই। তাই আমরা ধারণা করছি, হয়তো বাইক চালানোর সময় বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং সেই অবস্থায়ই তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় খবর পাঠানো হয়েছে।

