সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ, ফিরল ৭২-এর সংবিধান

প্রাইম বার্তা অনলাইন
০৭ এপ্রিল ২০২৬ ৯:০২ পিএম
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ, ফিরল ৭২-এর সংবিধান

বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর ক্ষমতা নিশ্চিত করতে হাইকোর্ট এক ঐতিহাসিক রায় প্রকাশ করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়ে সরকারকে নির্দেশ দিয়েছে, আদেশের তারিখ থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। একইসাথে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিতে বলা হয়েছে।

রায়ে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়েছে, যা অধস্তন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির পরিবর্তে সুপ্রিম কোর্টের ওপর অর্পণ করে। বিচারকর্ম বিভাগে নিয়োজিত ব্যক্তিদের বদলি, পদোন্নতি এবং শৃঙ্খলার বিষয়গুলো এখন থেকে সুপ্রিম কোর্টই নিয়ন্ত্রণ করবে। এর আগে ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনী ও ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়েছিল, যা আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করে দিয়েছেন।

রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই রায়ের ফলে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে এবং রাষ্ট্রপতির এখতিয়ার কমে যাবে। গত বছরের ২ সেপ্টেম্বর আদালত এই মামলার প্রাথমিক আদেশে সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন, যার পূর্ণাঙ্গ রায় এখন প্রকাশিত হলো। এই রায় বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আইনজীবীরা মনে করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...