জনআকাঙ্ক্ষা ও সংবিধানের সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশ অনুমোদনের পথে

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৩:৫২ পিএম
জনআকাঙ্ক্ষা ও সংবিধানের সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশ অনুমোদনের পথে

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বৈধতা যাচাইয়ে সংবিধান ও জনগণের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি সংবিধান অনুযায়ী কাজ করলেও সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেবে। আগামী ২ এপ্রিলের মধ্যে যাচাই-বাছাই শেষ করে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, ৩০ দিনের মধ্যে এই পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন করে চলতি অধিবেশনেই বিলগুলো পাস করা সম্ভব হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে সভাপতি করে গঠিত ১৩ সদস্যের এই কমিটি অধ্যাদেশগুলো যাচাই করছে। এতে বাংলাদেশ ব্যাংক সংশোধন, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অসুস্থতার কারণে কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে থাকায় এই বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি। সংসদীয় নিয়মানুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো অনুমোদন না হলে আইনি বৈধতা বলবৎ থাকবে না।

সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ২৯ মার্চ থেকে পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে এবং তা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে এই অধ্যাদেশগুলো উত্থাপন করেন আইনমন্ত্রী এবং পরে এগুলো যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...