স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে আর কোনো স্থাপনা থাকবে না

কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে বালিয়াড়ি এলাকা থেকে সব ধরনের অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিদর্শনকালে তিনি জানান, পর্যটকদের সুবিধার্থে সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা যাবে না। ইতোমধ্যে ভাসমান দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুগন্ধা পয়েন্টে স্থাপনাগুলো সরানো হয়েছে। ধাপে ধাপে নাজিরারটেক থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত পুরো ১২০ কিলোমিটার সৈকত এলাকা দখলমুক্ত করা হবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, যারা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে পুনর্বাসন করা হবে। এর আগে ৯ মার্চ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এক সপ্তাহের মধ্যে এসব স্থাপনা সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল, যার অংশ হিসেবে সুগন্ধা ও কলাতলীতে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, ডিগ্রিধারী বেকার তৈরির বদলে কর্মক্ষম মানুষ তৈরিতে শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার করছে সরকার। কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে কাজ করছে সরকার।

