চৈত্রেও থামছে না বৃষ্টি, টানা ৫ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ১২:১৮ পিএম
চৈত্রেও থামছে না বৃষ্টি, টানা ৫ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা

বসন্তকালীন তাপদাহ শুরুর আগেই দেশজুড়ে বৃষ্টির প্রভাবে স্বস্তি ফিরেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী টানা পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রার ব্যাপক ওঠানামা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারেও প্রচুর বৃষ্টি হয়েছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কম।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিভাগভিত্তিক বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাবে। সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট এবং বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবারও বিভিন্ন বিভাগে একই আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে। এর ফলে সাময়িকভাবে আবহাওয়া আরাদ্র ও মেঘলা থাকবে, তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...