৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস
দেশের অন্তত ১২টি জেলার ওপর দিয়ে শুক্রবার রাত ১টার মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য ঢাকাসহ সংশ্লিষ্ট সব এলাকার নদীবন্দরে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। এছাড়া আরও তিনটি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একইসাথে ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপের প্রভাবে এমন আবহাওয়া সৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের অন্তত আট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে। তবে ঈদের দিন দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

