বিবাহের প্রতিশ্রুতিতে ৮২ লাখ প্রতারণা, উপসচিবের মামলা

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ৭:৫৮ পিএম
বিবাহের প্রতিশ্রুতিতে ৮২ লাখ প্রতারণা, উপসচিবের মামলা

বিবাহের প্রলোভন দেখিয়ে এক নারী উপসচিবকে প্রায় ৮২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই সরকারি কর্মকর্তা বাদী হয়ে মনিরুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও আইনজীবীদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পত্রিকায় ‘পাত্রী চাই’ বিজ্ঞাপনের মাধ্যমে ওই নারীর সঙ্গে পরিচয় হয় মনিরুজ্জামানের। পরবর্তীতে মোবাইল ফোনে নিয়মিত কথা বলা এবং রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে সাক্ষাতের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। এরপর সাভারে একটি প্লটে বাড়ি নির্মাণের কথা বলে তাকে অর্থ দিতে উৎসাহিত করা হয়। বিশ্বাস করে ওই উপসচিব জনতা ও সোনালী ব্যাংকের হিসাব থেকে ৭২ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা এবং নগদ ও অন্যভাবে আরও প্রায় ১০ লাখ টাকা মনিরুজ্জামানের কাছে পাঠান।

তবে বাড়ি নির্মাণের কাজ নিয়মিত না হওয়ায় এবং বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখানো শুরু করেন। এক পর্যায়ে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান এবং টাকা ফেরত দিতেও অপারগতা প্রকাশ করেন। এমনকি বারবার দাবি করলে ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। পরবর্তীতে জানা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি একই পত্রিকায় আবারও ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন প্রকাশ করেন মনিরুজ্জামান, যা প্রমাণ করে তিনি পরিকল্পিতভাবে প্রতারণা করেছেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক সুমন জানান, সরলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই প্রতারণা করা হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী কাজী মেহেদী হাসান দাবি করেন, তার মক্কেল নির্দোষ। ব্যাংকের মাধ্যমে পাওয়া অর্থ বাড়ি নির্মাণের কাজেই ব্যবহার করা হয়েছে এবং কাজও আংশিক সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই মামলার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...