স্বাচ্ছন্দ্যের কারণে যমুনায় নয়, গুলশানের বাড়িতেই থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠার পরিবর্তে গুলশানের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, আপাতত গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই বসবাস করবেন তিনি।
প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে গুলশানের এই ছোট বাসায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ কারণেই গত ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরে তিনি ওই বাড়িতে ওঠেন এবং সেখানকার পরিবেশ তার পছন্দ হওয়ায় সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই বাড়িটির পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িতে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থাকতেন। প্রসঙ্গত, জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিল। গত বছর এর দলিলপত্র আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার হাতে তুলে দেন গণপূর্ত উপদেষ্টা ও রাজউক চেয়ারম্যান।
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কেও জানানো হয়েছে। ঈদের দিন সকাল ৮টায় তিনি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান।

