বিয়ের প্রতিশ্রুতিতে ৮২ লাখ আত্মসাৎ, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাততেন প্রতারক

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী উপসচিবের কাছ থেকে প্রায় ৮২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই সরকারি কর্মকর্তা বাদী হয়ে আদালতে প্রতারণা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও আইনজীবীদের বরাত দিয়ে জানা যায়, মনিরুজ্জামান নামের এক ব্যক্তি দৈনিক পত্রিকায় ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। পরিচয়ের পর থেকেই বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ হন তিনি। একপর্যায়ে সাভারে বাড়ি নির্মাণের কথা বলে ব্যাংক ট্রান্সফার ও নগদ মিলিয়ে প্রায় ৮২ লাখ টাকা আত্মসাৎ করেন অভিযুক্ত। জনতা ও সোনালী ব্যাংকের দুটি হিসাব থেকে আইএফআইসি ব্যাংকের একটি হিসাবে ৭২ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা স্থানান্তর করা হয়েছিল।
টাকা নেওয়ার পর বিয়ের ব্যাপারে টালবাহানা শুরু করেন মনিরুজ্জামান। বাড়ি নির্মাণে গরমিল ধরতে চাইলে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীকে হুমকি দেন। এমনকি ঘটনার পর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবারও একই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অন্য নারীকে ফাঁদে ফেলার চেষ্টা করেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক সুমন বলেন, এটি একটি পরিকল্পিত প্রতারণা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী মেহেদী হাসান দাবি করেছেন, অর্থ বাড়ি নির্মাণেই ব্যয় হয়েছে এবং বিষয়টি ব্যক্তিগত বিরোধ। বর্তমানে মামলা দুটি তদন্তাধীন রয়েছে।

