অর্থনীতির সংকটেও থেমে নেই উন্নয়ন, মীরসরাইয়ে খাল খননের উদ্বোধন

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা এবং জ্বালানি সংকটের মতো প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুদ্ধ ও সংকটের কারণে দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তবে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই।
সোমবার চট্টগ্রামের মীরসরাই উপজেলার বানাতলী জলদাসপাড়া এলাকায় বামনসুন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে আগামী ছয় মাসে ১ হাজার ২শ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মীরসরাইয়ের তিন কিলোমিটার খাল খননের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হলো।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বামনসুন্দর খালের কাজ সম্পন্ন হলে ১৫ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। এতে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এছাড়াও এই খালটি এলাকার জলাবদ্ধতা দূর করবে এবং সেচ ও মৎস্য চাষের সুযোগ সৃষ্টি করবে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

