বিনামূল্যে নিরাপত্তা সেবা দিলেও সাড়া ফেলতে পারছে না ডিএমপির মানি এসকর্ট
রাজধানীতে ব্যাপকহারে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত বছরের ২৩ ফেব্রুয়ারি বনশ্রীতে সাত দস্যু এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে ১৬০ ভরি সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এর আগে ১৯ অক্টোবর রামপুরায় বিমানবন্দর থেকে ফেরা এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে ২০ লাখ টাকার স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনতাই করা হয়। এমন ঘটনায় নগদ টাকা বা মূল্যবান মালামাল বহনে আতঙ্কে থাকেন সাধারণ মানুষ।
এই আতঙ্ক দূর করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বছরব্যাপী বিনামূল্যে মানি এসকর্ট সেবা প্রদান করছে। ব্যাংকের ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে এই সেবা নেওয়ার জন্য ফোন নম্বর টানিয়ে দেওয়া হলেও মানুষের সাড়া খুবই কম। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন মো. নজরুল ইসলাম জানান, টাকা বা স্বর্ণ পরিবহণের ক্ষেত্রে পুলিশ কোনো ফি নেয় না। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই সেবা নিতে পারেন তারা।
তবে আস্থার সংকট ও প্রশ্নের মুখে পড়ার ভয়ে অনেকেই পুলিশের এই সেবা নিতে আগ্রহী নন। একাধিক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, ক্যাশ কাউন্টারের সামনে ফোন নম্বর থাকা সত্ত্বেও গ্রাহকরা তা ব্যবহার করছেন না। একটি ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, পুলিশি জেরার ভয়ে বড় অঙ্কের টাকা সরাসরি ব্যবহার করতেই বেশি পছন্দ করেন তারা। এই সেবা পেতে সাধারণত দুই দিন আগে ডিএমপি সদর দপ্তরে আবেদন করতে হয়, তবে বিশেষ প্রয়োজনে এক দিনেও অনুমতি মেলে।

