তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ: সম্পর্ক নিয়ে আশাবাদ
ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সাথে তার এই প্রথম দেখা হলেও তিনি অনেকদিনের পরিচিত মনে করেছেন। তিনি বলেন, কূটনীতিক হিসেবে নয়, বরং ব্যক্তিগত পর্যায়ে এই আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে। প্রধানমন্ত্রীকে অত্যন্ত বিনম্র ও মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ঐতিহাসিক সম্পর্ক ও প্রতিবেশী হিসেবে আমাদের সীমান্ত ও স্বপ্ন দুটোই ভাগাভাগি করতে হবে।
দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, গণতন্ত্রে ইস্যু থাকাটাই স্বাভাবিক, তবে দুই নেতার বসে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশের সাথে সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতের আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

