গোধূলির আগমনে বৃষ্টির সম্ভাবনা, ১৩ মার্চ থেকে সতর্কতা জারি

চলতি মাসের শুরুতেই বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ দেশে প্রবেশ করতে যাচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয়টি সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছে, এর প্রভাবে দেশের প্রায় অর্ধেক এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর এই বৃষ্টিবলয়টির সবচেয়ে বেশি প্রভাব পড়বে। আজ রাতে এটি রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ দিয়ে প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা হয়ে দেশ ত্যাগ করতে পারে। এর ফলে সিলেট ও ময়মনসিংহ বিভাগ জুড়ে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর ও চট্টগ্রামের কিছু অংশে এর সক্রিয়তা দেখা যেতে পারে।
‘গোধূলি’ বৃষ্টিবলয়ের প্রভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সাথে মাঝারি থেকে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে সিলেটের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের ঝুঁকি থাকলেও বন্যার আশঙ্কা নেই। তবে এই বৃষ্টি কৃষি খাতের জন্য আশীর্বাদ হতে পারে, কারণ এটি দেশের প্রায় ২৫-৩৫ শতাংশ এলাকার সেচের চাহিদা পূরণ করতে সাহায্য করবে। ১৩ থেকে ১৭ মার্চ এটি সক্রিয় থাকবে, যার তীব্রতা সবচেয়ে বেশি ১৬ মার্চ অনুভূত হতে পারে।

