সাবেক মেয়র মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাৎের অভিযোগ দুদকের
বেসরকারি একটি ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে রংপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশনের একটি টেন্ডার যৌথভাবে পান শাহজাহান আলী ও ঠিকাদার আব্দুর রকিব। পরবর্তীতে আব্দুর রকিব ওই প্রকল্পের সকল আর্থিক ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষমতা গ্রহণ করেন। এরপর একটি অ-রেজিস্টার্ড আমমোক্তারনামার মাধ্যমে এটিএম ফুহাদ হোসেনকে প্রকল্পটি বাস্তবায়ন ও বিল উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়। এ উদ্দেশ্যে এসএআরবি (জেভি) নামে ওই ব্যাংকের রংপুর শাখায় একটি হিসাব খোলা হয়। এই হিসাবের মাধ্যমে ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ৩৩ পয়সা আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযুক্ত ৮ আসামির মধ্যে রয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা, মেসার্স রাকিব ব্রাদার্সের প্রোপাইটর আব্দুর রকিব, মুক্তি প্রকৌশল সংস্থার স্বত্বাধিকারী এটিএম ফুহাদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল এবং ওই ব্যাংকের চার কর্মকর্তা। ব্যাংক কর্মকর্তারা হলেন শাখার সাবেক ব্যবস্থাপক মো. মাহফুজুল ইসলাম, সাবেক সহকারী শাখা ব্যবস্থাপক একেএম শফিকুল মমতাজ, সিনিয়র অফিসার মো. আতিকুর রহমান ও প্রধান কার্যালয়ের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুর হোসেন পাটওয়ারী। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে, বর্তমানে মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

