বিতর্কিত কর্মকর্তাদের দখলে মন্ত্রণালয়, পিএস হলেন আওয়ামী ঘরানার রুমন

প্রাইম বার্তা অনলাইন
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ পিএম
বিতর্কিত কর্মকর্তাদের দখলে মন্ত্রণালয়, পিএস হলেন আওয়ামী ঘরানার রুমন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারে মন্ত্রীদের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত এবং নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মকর্তারাও এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর পিএস হিসেবে মাহবুবুর রহমান রুমনের নিয়োগ নিয়ে সমালোচনা বেড়েছে, যার বিরুদ্ধে আওয়ামী ঘরানার রাজনীতির সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

সাবেক এই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বিরুদ্ধে চাকরির ধর্ম লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। গত ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালান। এমনকি জাতীয় নির্বাচনের সময় নিজ এলাকায় নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই বিমান প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন মাহবুবুর রহমান রুমন। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারণেই তাকে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে এবং পেশাগত ঈর্ষান্বিতার কারণে এসব অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসনের ভেতরে এমন বিতর্কিত নিয়োগ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেখানে অন্যতম প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত আরেক কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...