আর্থিক সাহায্য চাওয়ার ২২ ঘণ্টায় তাসনিম জারা পেলেন ৩৭ লাখ টাকা

প্রাইম বার্তা অনলাইন
২৩ ডিসেম্বর ২০২৫ ১১:১৯ পিএম
আর্থিক সাহায্য চাওয়ার ২২ ঘণ্টায় তাসনিম জারা পেলেন ৩৭ লাখ টাকা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার ভিডিওবার্তার পর ব্যাপক সাড়া মিলেছে। তিনি জানিয়েছেন, মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা সংগ্রহ হয়েছে।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, “মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন। ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছাকাছি আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই।”

তিনি জানান, তার নির্বাচনী আসন ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা)। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখানে একজন প্রার্থী সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় করতে পারবেন। এই পরিমাণ অর্থ সংগ্রহই তার লক্ষ্য, আর লক্ষ্য পূরণ হলেই ফান্ডরেইজিং ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে।

একটি জরুরি আপডেটে তিনি জানান, বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সীমা পূর্ণ হয়ে যাওয়ায় যারা বিকাশে অনুদান দিতে পারছেন না, তারা যেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন পাঠান।

ফান্ডরেইজিংয়ে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, ক্যাশ ডোনেশন গ্রহণ করা হচ্ছে না—সব অনুদান বিকাশ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের যাচাইযোগ্য রেকর্ড থাকে। কত টাকা কোন মাধ্যমে এসেছে এবং কোন খাতে ব্যয় হবে—সব তথ্য নিয়মিত প্রকাশ করা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা এবং সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে পরামর্শ ও মতামত জানাতেও সবাইকে আহ্বান জানিয়েছেন ডা. তাসনিম জারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...