ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা

প্রাইম বার্তা অনলাইন
২৩ ডিসেম্বর ২০২৫ ৯:০৪ পিএম
ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি বাজারে আতপ চালের চাহিদা বাড়ায় আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়তির দিকে রয়েছে, বিশেষ করে চীনের বাড়তি চাহিদার কারণে। তবে এবার ৫০ হাজার মেট্রিক টন চাল আগেরবারের তুলনায় কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে, যা স্বস্তিদায়ক।

সার আমদানির বিষয়ে তিনি জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আনা হচ্ছে এবং আরও ৪০ হাজার মেট্রিক টন সার আসবে। সারের দামও সহনীয় পর্যায়ে রয়েছে।

সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারের চারটি সড়ক প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলে ১৯টি বিদ্যুৎ সাবস্টেশন বিতরণ, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি এবং রমজান সামনে রেখে খাদ্যপণ্যের প্রস্তুতির কথাও জানান তিনি। রাইস ব্র্যান অয়েল আমদানিও বাড়ানো হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে অনুমতি বাতিল হতে পারে বলে অস্ট্রেলিয়া জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...