ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা ও সবার সম্পৃক্ততা জরুরি: চসিক মেয়র

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৩ পিএম
ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা ও সবার সম্পৃক্ততা জরুরি: চসিক মেয়র

চট্টগ্রামে ডেঙ্গুর বিস্তার রোধে শুধু পরিচ্ছন্নতা নয়, সঙ্গে প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ—এমন পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিসিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তার ভাষায়, এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা আর জনসম্পৃক্ততাই সবচেয়ে বড় অস্র।

শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর থিয়েটার ইনস্টিটিউটের সামনে দেশজুড়ে পালিত হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে চসিকের তিন মাস মেয়াদি বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেয়রের মতে, চিকিৎসাব্যবস্থার পাশাপাশি রোগ প্রতিরোধের বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এডিস মশার বংশবিস্তারের জায়গাগুলো ধ্বংস করতে পারলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। এজন্য প্রতিটি নগরবাসীকে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। ময়লা-আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ফোম বা ডাবের খোসা এলোমেলো ফেলে রাখা যাবে না বলেও তিনি জোর দেন। অল্প কিছু স্বচ্ছ পানি জমে থাকলেও সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই বাসার ছাদ, বারান্দা, ফুলের টব, এসির পানি জমার জায়গা ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন মনে করেন, ডেঙ্গু মোকাবিলা শুধু সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়। এতে বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও নানা স্বেচ্ছাসেবী সংগঠনকে পাশে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে চসিক। এডিস মশার লার্ভা ধ্বংসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) স্বীকৃত বিটিআই (BTI) পদ্ধতি প্রয়োগের পাশাপাশি বিভিন্ন এলাকায় নিয়মিত লার্ভিসাইড ছিটানো এবং অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে বলে জানান মেয়র। নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে পরিস্থিতি বিবেচনায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে কোতোয়ালি, হালিশহর, বন্দর, আকবরশাহ, বাকলিয়া ও চকবাজারসহ একাধিক এলাকায়। মেয়র প্রত্যাশা করেছেন, তিন মাসের এই বিশেষ কর্মসূচি ও নগরবাসীর সহযোগিতায় চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...