মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ, আবেদন চলছে
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সুখবর এসেছে। কেনেডি-লুগার যুব বিনিময় ও শিক্ষা কর্মসূচির অধীনে ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা ২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টারে যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন। এ কর্মসূচিতে আবেদন গ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে বলে শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়।
মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে পরিচালিত এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি আশ্রয়দাতা পরিবারের সদস্য হিসেবে বসবাস করবেন এবং সেখানকার একটি উচ্চবিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি তারা নেতৃত্ব দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি সুশাসন, ব্যবসা ও উদ্ভাবন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও সাফল্য সম্পর্কে জানতে পারবেন। নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে দেশটির সমাজ ও সংস্কৃতির সঙ্গেও নিজেদের পরিচিত করাতে পারবেন তারা।
এই বিনিময় কর্মসূচির মূল লক্ষ্য বিভিন্ন দেশের কিশোর-তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। কর্তৃপক্ষের আশা, নতুন পরিবেশে পড়াশোনা, নেতৃত্ব বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৪টা। যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ পাওয়া যাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে।

